নিজস্ব প্রতিবেদক
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কেবল আইন প্রণয়ন বা সচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়; বরং আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের জন্য সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন জরুরি। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের অংশ হিসেবে এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপের স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার যে প্রবণতা রয়েছে, তা বদলাতে হবে। একই সঙ্গে সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া কেবল আইন ও নীতিমালা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।
চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, অনেক নারী সাহস করে অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে পুনরায় হয়রানি ও ভোগান্তির শিকার হন। অভিযোগ জানানোর পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করতে হবে, যাতে সহায়তা চাইতে গিয়ে কাউকে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয়।
ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে এসব সেবা পৌঁছানো জরুরি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা বলেন, অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং। সমাপনী বক্তব্য দেন এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সহিংসতা প্রতিরোধে একাত্মতা প্রকাশ করেন।


