রংপুর অফিস
রংপুর নগরীতে এক সেনা সদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকার ওই বাসার স্টোররুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাসেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভগিবালাপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর সেনা সদস্যকে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হেফাজতে নিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সেনা সদস্য শাহিন শেখকে পুলিশের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গত সোমবার অটোচালক আরিফুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে মহানগর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই সূত্র ধরে নগরীর ভগিবালাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে তদন্ত চালায় পুলিশ। ওই বাড়িটি সেনা সদস্য শাহিন শেখ ভাড়া নিয়েছিলেন। পরে বাড়ির স্টোররুম থেকে গলা অর্ধেক কাটা এবং মাথায় শিলপাটা দিয়ে আঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে দেশি শিলপাটা দিয়ে মাথা থেঁতলে ও গলা কেটে অটোচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার এক বন্ধুকেও আটক করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, এক সেনা সদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওই সেনা সদস্য বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।
পুলিশ কমিশনার আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা উভয়েই মাদক ও অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত কোনো ভুল বোঝাবুঝির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।





