নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আগামী ২ ডিসেম্বর প্রথম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রমকে সফল করতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন।


উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, কার্ড প্রস্তুত, ফাইল সম্পন্নকরণ এবং কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজ পুরোদমে চলছে। আগামী ২ ডিসেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তি না হয়, সেজন্য উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।


এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা এহছানুল হক বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো সরাসরি সরকারি সহায়তা পাবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য অধিকার পাবেন। কোনো উপকারভোগী যাতে বাদ না পড়ে এবং কোনো অনিয়ম না হয়, সেজন্য ছুটির দিনেও দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে।


এহছানুল হক আরও জানান, প্রথম ধাপে নির্বাচিতদের তথ্য যাচাই করে চূড়ান্ত করা হয়েছে। বিতরণের দিন উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণের মাধ্যমে হোসেনপুরের অসহায় পরিবারগুলো অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারবে।