নিজস্ব প্রতিবেদক

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, কালিয়াকৈরে আন্দোলনের নামে আর কোনো অরাজকতা চলতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, প্রকৃত শ্রমিকরা কখনো ভাঙচুর করে না; যারা শ্রমিকের ছদ্মবেশে নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। মাথায় লাল ফিতা বেঁধে ও ব্যানার হাতে নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার প্রধান সড়কে মিছিল করেন।


সমাবেশে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সরকার শ্রমিকদের কথা চিন্তা করেই ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করেছে। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কারখানা বা রাস্তা বন্ধ করে দেশের ক্ষতি না করে আপনারা পুরোদমে কাজে ফিরে যান। আপনাদের মজুরি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই দায়িত্ব আমি নিচ্ছি।


বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা হুমায়ুন কবীর খান বলেন, আন্দোলনের কারণে ইতিমধ্যে অনেক রপ্তানি আদেশ হাতছাড়া হয়েছে। ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের অস্থিরতায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি শ্রমিকদের মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে কাজে ফেরার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।


সমাবেশে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, মজুরি ১৭ হাজার টাকায় উন্নীত হওয়া একটি বড় অর্জন। এছাড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক হলেও আন্দোলনের নামে রাস্তা ও কারখানা বন্ধ করে দেশের ক্ষতি করা চলবে না।