নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। এজন্য প্রথমে নিজেদের একাডেমিক সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। মাদক ও কিশোর গ্যাং থেকে নিজেদের দূরে রেখে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল সরকারি নজরুল কলেজ আয়োজিত এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ এবিএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, আব্দুল আওয়াল ফরাজী এবং ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন আরও বলেন, বিএনপির সরকার ক্ষমতার থাকারকালে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করেছিল। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং নতুন প্রজন্মকে মেধা বিকশিত করার সুযোগ থেকে বঞ্চিত করেছে। বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন প্রজন্মকে যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তোলা হবে। নবীনবরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল নজরুল কলেজ ছাত্রদল।
এর আগে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





