নিজস্ব প্রতিবেদক
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ২৫ নভেম্বর বুধবার সন্ধ্যা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে ১০০ নম্বরের বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ বছরও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন ফরম পূরণের নিয়মাবলি জানা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এছাড়া এইচএসসিতে জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.৫০-এর কম থাকলে আবেদন করা যাবে না।
পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে, যার মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ আসন অন্তর্ভুক্ত। এসব প্রার্থীর ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ এবং এইচএসসিতে জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩ থাকতে হবে।
লিখিত পরীক্ষায় জীববিজ্ঞান থেকে ৩০, রসায়ন থেকে ২৫, পদার্থবিজ্ঞান থেকে ১৫, ইংরেজি থেকে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি থেকে ১৫ নম্বরসহ মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাস নম্বর ৪০। মেধাক্রম নির্ধারণে লিখিত পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-এর ভিত্তিতে যথাক্রমে ৪০ ও ৬০ নম্বর যোগ করা হবে। পূর্ববর্তী বছরের এইচএসসি উত্তীর্ণদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তিকৃতদের ক্ষেত্রে ৫ নম্বর কর্তন করা হবে।
আবেদন ফি ১ হাজার টাকা টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমার শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ডাউনলোড ও রঙিন প্রিন্ট করা যাবে। ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।





