নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের সুপারিশ করার ক্ষেত্রে আরও ভালো করার সুযোগ ছিল। মজুরি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যে ধরনের বস্তুনিষ্ঠ ও যৌক্তিক বিশ্লেষণ প্রয়োজন, তড়িঘড়ির কারণে এবার তা সম্ভব হয়নি। মজুরি নির্ধারণ কোনো আবেগের বিষয় নয়, বরং এটি আরও সময় নিয়ে বিশ্লেষণ করা উচিত ছিল।


বর্তমান মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের বর্তমান আয়, মজুরি বৃদ্ধির হার এবং ছোট ও দুর্বল কারখানাগুলোর সক্ষমতাকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। তবে এটি মজুরি নির্ধারণের যৌক্তিক ভিত্তি হতে পারে না। দেশের আইন ও সংবিধানের আলোকে নিম্নতম মজুরি নির্ধারণের ভিত্তি হওয়া উচিত শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও জীবনমান। শিল্পের সক্ষমতা বিশ্লেষণের বিষয়টি দ্বিতীয় ধাপে থাকা উচিত। শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে হবে, তবে তা শ্রমিকের প্রাপ্য মজুরি কমিয়ে নয়।


এবারের মজুরি নির্ধারণের কিছু ইতিবাচক দিকও রয়েছে। তিন বছরের ব্যবধানে মজুরি পুনর্নির্ধারণ, আনুপাতিক হারে মজুরি বৃদ্ধি এবং মজুরি বোর্ডের দ্রুত কাজ সম্পন্ন করা প্রশংসনীয়। তা সত্ত্বেও এটি সমস্যার টেকসই সমাধান নয়। টেকসই সমাধানের জন্য শ্রমিকের মজুরি, শিল্পের সহযোগিতা এবং শ্রমিকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ—এই তিনটি বিষয়ের সমন্বয় প্রয়োজন।


দুর্বল কারখানাগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করায় তা বাস্তবায়নে সমস্যা হওয়ার কথা নয়। তবে যেসব বড় কারখানার সক্ষমতা বেশি, তাদের উচিত শ্রমিকদের মজুরি আরও বাড়িয়ে অন্যদের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করা। মজুরি বোর্ড যেহেতু কেবল সুপারিশ করেছে, তাই সরকারের সামনে বিষয়টি পর্যালোচনার সুযোগ রয়েছে। সরকার এই মজুরি বহাল রাখতে চাইলে তার গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকা প্রয়োজন।


বর্তমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন সুপারিশকৃত মজুরি পর্যাপ্ত নয়। তাই শ্রমিকদের জন্য সরকারের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। হাসপাতাল প্রতিষ্ঠা, বিদ্যমান হাসপাতালের বহির্বিভাগে বিশেষ চিকিৎসাসেবা এবং রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। এছাড়া বিদেশি ক্রেতাদের সহযোগিতার প্রতিশ্রুতি বাস্তবায়নে মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে আন্তর্জাতিক পর্যায়ে দর-কষাকষির সুযোগ রয়েছে।


মজুরি নিয়ে আন্দোলন, শিল্পের ক্ষতি ও শ্রমিকের প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন সব পক্ষের একসঙ্গে বসে একটি টেকসই সমাধানের পথে যাওয়া দরকার। শ্রমিকের ন্যায্য মজুরি, শিল্পের সুরক্ষা ও সরকারের সামাজিক সুরক্ষামূলক উদ্যোগের সমন্বয়েই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।


সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।