নিজস্ব প্রতিবেদক

সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর হামে আক্রান্ত হয়ে ফের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে রয়েছে সিলেটের জকিগঞ্জের তিন মাস ২২ দিন বয়সী আরিশা ইসলাম, সুনামগঞ্জ সদরের ছয় মাস বয়সী জায়ান এবং মৌলভীবাজারের বড়লেখার এক বছর তিন মাস বয়সী সিয়াম আহমদ।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ জনে। এর মধ্যে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৮৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৪৬ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে মোট ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে এক এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০ জন।


গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আট, পার্কভিউ মেডিক্যালে দুই, নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয়, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৫২৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিক্যালে ২২, নর্থ ইস্ট মেডিক্যালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে চার, ওয়েসিস হসপিটালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৬ এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।