আয়শা শিদ্দিকা
প্রাচীনকাল থেকেই জ্যোতির্বিজ্ঞান গবেষণার অন্যতম কেন্দ্রে রয়েছে সূর্য। নক্ষত্রের অভ্যন্তরে জ্বলতে থাকা শক্তির যে রহস্য কোটি কোটি বছর ধরে মহাবিশ্বকে আলোকিত করে চলেছে, ঠিক সেই একই নীতিতে পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে মানুষের হাতের নাগালে আনতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। গবেষণাগারের সীমা পেরিয়ে কৃত্রিম সূর্য বা পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে দেশটির এই প্রকল্প।
এই প্রকল্পের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তখন থেকেই ইস্ট নামের একটি পরীক্ষামূলক রিঅ্যাক্টরের কার্যক্রম চলছে। সূর্য যেভাবে হাইড্রোজেনের পরমাণুগুলোকে প্রচণ্ড তাপ ও চাপে একত্র করে হিলিয়ামে রূপান্তরের মাধ্যমে শক্তি উৎপন্ন করে, চীনের এই চুল্লিতেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তবে পৃথিবীতে সূর্যের মতো বিপুল চাপ তৈরি করা সম্ভব নয় বলে বিজ্ঞানীরা চুল্লির তাপমাত্রা ১০ থেকে ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে নেন। এই তাপমাত্রা সূর্যের কেন্দ্রের তুলনায় প্রায় ৭ থেকে ১০ গুণ বেশি। শক্তিশালী চৌম্বকক্ষেত্রের সাহায্যে উত্তপ্ত প্লাজমাকে নির্দিষ্ট স্থানে আটকে রাখা হয়।
চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিকস এই বিশাল ডি-আকৃতির চুম্বক তৈরি করেছে। এর দৈর্ঘ্য ২১ মিটার, প্রস্থ ১২ মিটার এবং ওজন প্রায় ৫৮৩ টন। ফিউশন রিঅ্যাক্টরের ভেতরে সূর্যের মতো পরিবেশ তৈরির জন্য ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার প্লাজমা তৈরি করা হয়েছে। তবে এত উচ্চ তাপমাত্রার প্লাজমা রিঅ্যাক্টরের দেয়ালে স্পর্শ করলে পুরো ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে অত্যন্ত শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে রিঅ্যাক্টরের মাঝখানে ভাসমান অবস্থায় নিয়ন্ত্রণে রাখা হয়। নতুন সুপারকন্ডাক্টিং চুম্বক সেই গুরুত্বপূর্ণ কাজটিই করে থাকে।
একই সঙ্গে গবেষকরা উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টিং সেন্ট্রাল সলিনয়েড কয়েলের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছেন।
রিঅ্যাক্টরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই অংশ প্লাজমা তৈরি ও ফিউশন বিক্রিয়া চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বিজ্ঞানীরা পরীক্ষা করছেন, কীভাবে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে দীর্ঘ সময় নিরাপদে নিয়ন্ত্রণে রাখা যায়।
এই গবেষণাতেই চলতি বছর বড় সাফল্য এসেছে। ইস্ট টানা ১,০৬৬ সেকেন্ডÑঅর্থাৎ প্রায় ১৮ মিনিট প্লাজমা নিয়ন্ত্রণে রেখে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এই অর্জন প্রকল্পটিকে আরো একধাপ এগিয়ে দিয়েছে। নতুন এই চুম্বক ব্যবহার করা হবে চীনের নতুন প্রজন্মের বিইএসটি ফিউশন রিঅ্যাক্টরে। ২০২৭ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের দিকে পরীক্ষামূলকভাবে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে আশাবাদী দেশটি।
কৃত্রিম সূর্যের নাম শুনে মনে হতে পারে, এটি হয়তো বাস্তব সূর্যের সমকক্ষ। বাস্তবে বিষয়টি তেমন নয়। এটি এমন একটি পারমাণবিক ফিউশন রিঅ্যাক্টর, যেখানে সূর্যের অভ্যন্তরে যেভাবে শক্তি উৎপন্ন হয়, সেই একই প্রক্রিয়া পৃথিবীর নিয়ন্ত্রিত পরিবেশে আবার তৈরি করার চেষ্টা চলছে। ভবিষ্যতে এই প্রযুক্তি পৃথিবীকে বিপুল পরিমাণ পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
পৃথিবীর জ্বালানি সংকট দূর করতে কৃত্রিম সূর্য হতে পারে বিপুল শক্তির উৎস। কারণ, এই প্রযুক্তির প্রধান জ্বালানি হলো ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। ডিউটেরিয়াম সমুদ্রের পানি থেকে সহজেই সংগ্রহ করা সম্ভব। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, মাত্র এক লিটার সমুদ্রের পানিতে থাকা ডিউটেরিয়াম থেকে যে পরিমাণ ফিউশন শক্তি পাওয়া সম্ভব, তা প্রায় ৩০০ লিটার পেট্রোলের সমান। এ কারণে ভবিষ্যতে এই প্রযুক্তি জ্বালানির সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাধারণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চেরনোবিল বা ফুকুশিমার মতো বড় দুর্ঘটনার ঝুঁকি থাকে এবং ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয়। কিন্তু কৃত্রিম সূর্যের ফিউশন পদ্ধতিতে প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয় না। এছাড়া এতে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে অনিয়ন্ত্রিত বিস্ফোরণের আশঙ্কাও নেই। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো বাণিজ্যিকভাবে ফিউশন শক্তি ব্যবহার করে কম খরচে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা। এক কেজি ফিউশন জ্বালানি কয়লা বা তেলের তুলনায় প্রায় ৪০ লাখ গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতে পারে।
পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে মানবসভ্যতার ভবিষ্যৎ জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। গবেষকদের মতে, এটি ভবিষ্যতের ফিউশন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই প্রযুক্তির গুরুত্ব শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানবসভ্যতার অগ্রগতি এবং পৃথিবীর পরিবেশ রক্ষায়ও এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা কমাতে কৃত্রিম সূর্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তি সফল হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেকাংশে কমানো সম্ভব হবে। ফিউশন প্রক্রিয়ায় সরাসরি গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় না। ফলে বিদ্যুৎ উৎপাদনে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার বৈশ্বিক উষ্ণতা কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে। এতে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
ইস্পাত, রাসায়নিক ও ভারী শিল্পকারখানায় প্রচুর তাপ ও শক্তির প্রয়োজন হয়। কৃত্রিম সূর্যের ফিউশন প্রযুক্তি থেকে উৎপাদিত শক্তি ব্যবহার করে পরিবেশদূষণ কমিয়ে এসব শিল্পকারখানার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতে পারে। এমনকি ভবিষ্যতে এই প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত রকেট ইঞ্জিন তৈরি করা সম্ভব হতে পারে, যার মাধ্যমে বর্তমানের তুলনায় অনেক দ্রুত মহাকাশ ভ্রমণ করা যাবে।
সর্বোপরি, ফিউশন প্রযুক্তি সফল হলে পৃথিবী দূষণমুক্ত জ্বালানি উৎপাদন এবং জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জনের পথে অনেক দূর এগিয়ে যাবে।






