নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেছেন সামান্তা শারমিন। এর অংশ হিসেবে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে তাঁর বৈঠকের ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তিনি নতুন এই দলে যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


সামান্তা শারমিন জানান, তিনি বর্তমানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন। এই আলোচনা প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে। কোনো দল বা পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তিনি ডিসেম্বরের পরেই সিদ্ধান্ত নেবেন।


২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা জাতীয় নাগরিক কমিটি গঠন করলে সামান্তা শারমিন এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে তিনি দলটির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। তবে গত বছরের ডিসেম্বরে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হলে তিনি দলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। গত ২৩ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের সময় তাঁকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর ১৩ দিন পর ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।


জেডিপির নেতৃত্বে আছেন নাঈম আহমাদ, যিনি এর আগে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেডিপির পাশাপাশি সামান্তা শারমিন গত কয়েক দিনে অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা এবং নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়ের সঙ্গেও বৈঠক করেছেন।


এ বিষয়ে সামান্তা শারমিন বুধবার দুপুরে বলেন, অনেকেই যোগাযোগ করে বসতে চেয়েছিলেন এবং তিনি সবার সঙ্গেই আলোচনা করতে আগ্রহী। তিনি জানান, দল হিসেবে জেডিপির সঙ্গেই প্রথম বৈঠক করেছেন এবং বৃহস্পতিবারও অন্য একটি দলের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আলোচনাই কোনো দলে যুক্ত হওয়ার পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি উল্লেখ করেন।