নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আওতায় প্রায় নয় লাখ মানুষ উন্নত পানি ও পয়োনিষ্কাশন সুবিধা পাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ নামের এ প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালগঞ্জের গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে সমন্বিত পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা গড়ে তোলা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের আওতায় কৌশলগতভাবে কাছাকাছি অবস্থিত পৌর এলাকাগুলোকে একত্র করে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এডিবি’র অর্থায়নে পরিচালিত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগ এবং সরকারের উন্নত জনসেবা নিশ্চিত করার অগ্রাধিকারের সাথে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ। একইসাথে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় স্থানীয় সেবাব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য পানি ও পয়োনিষ্কাশন সেবা জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এ প্রকল্পে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং টেকসই সেবা প্রদানের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এর ফলে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোতে সেবার মান উন্নত হবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হবে।
প্রকল্পের আওতায় প্রায় এক হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহের বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন বা পুনর্বাসন করা হবে। এসব সংযোগে স্মার্ট মিটার বসানো হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য বরাদ্দ থাকবে।
এছাড়া সাতটি পানি শোধনাগার সংস্কার এবং পানি সরবরাহ ব্যবস্থার নজরদারি ও অপচয় কমাতে ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) গড়ে তোলা হবে। এর ফলে পানি সরবরাহ ব্যবস্থায় অপচয়ের হার ২০২৬ সালের ৫০ শতাংশের বেশি থেকে কমিয়ে ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা এবং অবকাঠামোর সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং ও সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে পানি সরবরাহ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে।
প্রকল্পের আওতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য এক হাজার ২০০টি পারিবারিক শৌচাগার এবং চারটি জনসাধারণের ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে। এসব সুবিধা নারী, কিশোরী এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে। স্থানীয় নারী বাসিন্দারা এসব জনসাধারণের স্যানিটেশন সুবিধা পরিচালনা করবেন।
প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি, পরিচালনাগত ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি কুমিল্লা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি প্রতিষ্ঠায় সহায়তা দেয়া হবে।
এছাড়া জনগণের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাড়িতে পানির সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, মিটার ও পানির মূল্য নির্ধারণব্যবস্থা গ্রহণ এবং সবার জন্য নিরাপদ পানির সমান সুযোগ নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হবে।
এডিবি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সেবাদানকারী সংস্থার সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পৃথকভাবে আরো ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার চার কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল প্রবৃদ্ধি অর্জনে কাজ করা অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। সদস্যদেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করে জটিল উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী অর্থায়ন ও কৌশলগত অংশীদারত্ব কাজে লাগায় সংস্থাটি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্যসংখ্যা ৬৯টি। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য ৫০টি। বাসস






