আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বের করার চেষ্টাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সময় বাজারের কয়েকটি দোকানপাটে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাইলধর ইউনিয়ন সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে তিন শতাধিক লোক মালঘর বাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফোরকানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিলে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাচের বোতল নিক্ষেপের ঘটনাও ঘটে।


সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আজগর, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আরাফাত এবং আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান।


সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে বিএনপির লোকজন এসে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যান।