৪ মন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ
পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বিক্ষোভ মিছিলে অংশ নেন। ছবি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ শনিবার বিকেলে শহরের মনিহার এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বর্তমান সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি করে, সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা যেই হোক– দেশের স্বার্থে কোনো আপস করা হবে না। রাষ্ট্র মেরামতের কাজ ও বিচার কার্যক্রম চলছে; এ সময়ে কোনো প্রকার আগুন-সন্ত্রাস বরদাশত করা হবে না।’ এ সময় তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেড় যুগ গণতন্ত্রের জন্য লড়াইয়ের ধারাবাহিকতায় চব্বিশের গণঅভ্যুত্থানে চূড়ান্ত বিজয় এসেছে। পতিত শক্তি নতুন করে দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের পুনরুত্থান ঠেকানো হবে।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






