নিজস্ব প্রতিবেদক
বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে সরকারের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়, অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য জনবলের বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে এই বিশেষ বরাদ্দের আবেদন জানানো হয়। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসংবলিত আবেদনপত্র হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, কার্ডিওভাসকুলার, স্ট্রোক, ক্যানসার, বন্ধ্যাত্ব, নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে। পাশাপাশি জরুরি চিকিৎসা, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) এবং শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
বরাদ্দের আবেদনে আধুনিক চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম, ল্যাবরেটরি যন্ত্রপাতি, লাইফ সাপোর্ট, ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং হাসপাতালের শয্যা কেনার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া হাসপাতালের কেবিন, ওয়ার্ড, ল্যাব, রোগীদের অপেক্ষাকক্ষ, ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম ও অন্যান্য অবকাঠামো সংস্কার এবং আধুনিকায়নের জন্য অর্থ চাওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, হেপা ফিল্টার স্থাপন এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিষ্ঠানটি শুরু থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। গত ১ অক্টোবর হাসপাতালটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়। বর্তমানে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে, যার অংশ হিসেবে জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বরাদ্দের আবেদন হস্তান্তরের সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






