নিজস্ব প্রতিবেদক
দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সরকারি ব্যবস্থাপনায় আটটি ভিন্ন ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতি সাপেক্ষে সরকারি বিধি মোতাবেক ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা। আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
কোর্স বা ট্রেডসমূহের বিবরণ, মেয়াদ, ফি ও যোগ্যতার মধ্যে রয়েছে—
১. কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন (অনাবাসিক): মেয়াদ ৬ মাস (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭)। রাঙামাটি ব্যতীত ৬৩টি জেলার ৭০টি কেন্দ্রে (ঢাকায় ৬টি, চট্টগ্রামে ২টি এবং অন্যান্য জেলায় নির্ধারিত কেন্দ্র) এই প্রশিক্ষণ হবে। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা ১ হাজার টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
২. প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন (অনাবাসিক): মেয়াদ ৬ মাস (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭)। ৪টি বিভাগীয় শহরের (ঢাকায় ২টি, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ১টি করে) মোট ৫টি কেন্দ্রের প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ২৪। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা ১ হাজার টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
৩. ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং (অনাবাসিক): মেয়াদ ৬ মাস (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭)। ৫৩টি জেলার ৫৪টি কেন্দ্রের (ঢাকায় ২টি কেন্দ্র) প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ২৪। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা ৩০০ টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
৪. ইলেকট্রনিকস (অনাবাসিক): মেয়াদ ৬ মাস (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭)। ৫৯টি জেলার ৬০টি কেন্দ্রের (ঢাকায় ২টি কেন্দ্র) প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ২৪। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা ৩০০ টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
৫. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (অনাবাসিক): মেয়াদ ৬ মাস (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭)। ৫৪টি জেলার ৫৫টি কেন্দ্রের (ঢাকায় ২টি কেন্দ্র) প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ২৪। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা ৩০০ টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
৬. মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন (অনাবাসিক): মেয়াদ ৬ মাস (১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭)। ১৬টি জেলার ২১টি কেন্দ্রের (ঢাকায় ৪টি, রাজশাহীতে ২টি ও খুলনায় ২টি কেন্দ্র) প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ৪০। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা ৫০০ টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
৭. পোশাক তৈরি (অনাবাসিক): মেয়াদ ৩ মাস (১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৭)। ৬২টি জেলার ৬৮টি কেন্দ্রের (ঢাকায় ৬টি ও গাজীপুরে ২টি কেন্দ্র) প্রতি কেন্দ্রে আসনসংখ্যা ২৫। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা ৫০ টাকা কোর্স ফি দিয়ে আবেদন করতে পারবেন।
৮. গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ (আবাসিক): মেয়াদ ৩ মাস (১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৭)। দেশের ৬৪টি জেলার আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে এই কোর্স পরিচালিত হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা ১০০ টাকা কোর্স ফি এবং ১০০ টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে আবেদন করতে পারবেন।
ভাতা, কোটা ও বিশেষ সুবিধার বিষয়ে জানানো হয়, সব কোর্সের প্রশিক্ষণার্থীরা সরকারি বিধি অনুযায়ী দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (বিকাশ/রকেট) পদ্ধতিতে এই ভাতা দেওয়া হবে। রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের প্রশিক্ষণার্থীরা বিকাশে এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রশিক্ষণার্থীরা রকেটের মাধ্যমে ভাতা পাবেন। দলিত যুবদের জন্য ৪ শতাংশ, প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত তরুণ-তরুণীরা কোনো কোর্স ফি ছাড়াই সব প্রশিক্ষণে ভর্তির সুযোগ পাবেন এবং যুব সংগঠন কর্তৃক মনোনীত ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে কিংবা প্রান্তিক পর্যায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন করতে পারবেন। ইতিপূর্বে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে থাকলে আবেদন করা যাবে না। এছাড়া আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৬ তারিখে নিজ নিজ জেলা কার্যালয়ে মূল সনদপত্র ও সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।




