নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের সঙ্গে পার্শ্ববর্তী দেশের অপরাজনীতি জড়িত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান। বিভিন্ন সীমান্তে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের মতো উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
প্রতিবেশী দেশের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা অতীতে গুম-খুন, হত্যা, দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশের সব মানুষের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রাখা উচিত। তিনি জানান, ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানিয়ে কথা বলা হয়েছে এবং তিনি আশ্বস্ত করলেও তার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ সঠিক সিদ্ধান্ত নিয়ে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখবে। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। যৌথ নদী কমিশন (জেআরসি) ও বিশেষ কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী দেশে দুটি চিঠি পাঠানো হলেও একটির উত্তর পাওয়া যায়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন, কিন্তু এখনো কোনো সাড়া পাননি। তিনি আরও বলেন, ষড়যন্ত্রের বিষয়টি জানা থাকলেও বাংলাদেশ বসে নেই। পানি সংরক্ষণে পদ্মা ব্যারেজ প্রকল্প, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।






