নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশি নাগরিকেরা সবচেয়ে বেশি জড়িত। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বুধবার দেশটির পার্লামেন্টে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পার্লামেন্টে দেওয়া তথ্য অনুযায়ী, অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশিদের পরই রয়েছেন থাইল্যান্ডের নাগরিকেরা (৪ হাজার ৮৫৬টি ঘটনা)। এরপর যথাক্রমে ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪টি, চীনের ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের ১ হাজার ৪৬টি, পাকিস্তানের ৮২৩টি, মিয়ানমারের ৫৩১টি, ভারতের ৫০০টি, নেপালের ৩২৮টি, লাওসের ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের ১৫৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে। বিরোধী দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সরকার এই পরিসংখ্যান তুলে ধরে। ওই সংসদ সদস্য সামাজিক ভ্রমণ পাস নিয়ে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে অভিযুক্ত বিদেশি অভিবাসীরা কোন খাতে কাজ করতেন, সে বিষয়ে মালয়েশিয়া সরকার কোনো তথ্য দেয়নি।
দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল স্পষ্ট করেন যে, সামাজিক ভ্রমণ পাস কিংবা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য ভিসা ছাড়ের সুবিধা কোনো বিদেশিকে মালয়েশিয়ায় অবস্থান করে কাজ করা বা ব্যবসা পরিচালনার আইনি অধিকার প্রদান করে না।






