নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির একটি শপিংমলে পূরবী জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে দোকানটি থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় শপিংমলের চার নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ এবং ধানমন্ডি থানায় এ ঘটনায় মামলা হয়েছে।


চোরচক্রের সদস্যরা আগে থেকেই পরিকল্পনা করে দোকান ও মার্কেটের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ। চুরির মাত্র চার দিন আগে দোকানটিতে নিরাপত্তাকর্মী হিসেবে যোগ দেওয়া এক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পেয়েছে তদন্তকারীরা। ওই ব্যক্তিসহ দুজন ঘটনার পর থেকে পলাতক।


শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিংমলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পুলিশ মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, অন্তত পাঁচজনকে শপিংমলে প্রবেশ করতে দেখা যায় এবং আত্মগোপনে যাওয়া একজন নিরাপত্তাকর্মী তাদের সহায়তা করেছে।


পুলিশ ও দোকানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এর আগে চোরচক্রের সদস্যরা শপিংমলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খেতে দেয়। এতে কয়েকজন নিরাপত্তাকর্মী অচেতন হয়ে পড়েন। এরপর দোকানের তালা কেটে ভেতরে ঢুকে গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।


পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। ঘটনার চার দিন আগে তিনি দোকানে একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিলেন এবং ঘটনার পর থেকে ওই কর্মী নিখোঁজ রয়েছেন।


দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর দোকানের নিজস্ব একজন এবং মার্কেটের দুজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজনকে সিসিটিভি ফুটেজে চোরচক্রের সদস্যদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে। ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা যায় এবং আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। দোকানে ঢোকার পর চক্রের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।


সঞ্জীব শীল আরও জানান, নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজন নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।


দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কায়দায় দোকানটিতে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়ার পর দোকানমালিক বিষয়টি বুঝতে পারেন, ফলে সেবার চুরির চেষ্টা সফল হয়নি।


ধানমন্ডি থানার পুলিশ জানায়, চুরির ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী এখনো পলাতক। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চার দিন আগে নিয়োগ পাওয়া নিরাপত্তাকর্মীসহ পলাতক দুজন এ ঘটনায় জড়িত থাকতে পারেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চার দিন আগে নিয়োগ দেওয়া নিরাপত্তাকর্মীসহ পালিয়ে যাওয়া দুজন চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।