গণতন্ত্রে সহিংস রাজনীতির স্থান নেই
আখতার সোবহান মাসরুর
| প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক দলগুলোর সংঘাত-সংঘর্ষের রাজনীতি আবারও ফিরে এসেছে। পরস্পরকে শত্রুজ্ঞান করে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনায় আগুন দিচ্ছে। সমাজে ঘৃণা, হিংসা ও প্রতিশোধের সংস্কৃতির প্রসার ঘটেছে। এসব ঘৃণ্য ও নৃশংস তৎপরতাকে বৈধতা দিতে কখনও ‘জনরোষ’, কখনও ‘প্রতিরোধ’ বলা হচ্ছে।
এ ধরনের রাজনৈতিক ব্যবস্থায় আইন এক চোখ বন্ধ করে দেখে। দলীয় পরিচয়ই অপরাধের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ক্ষমতার পালাবদলের পর নতুন ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ববর্তী শাসকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে। ফলে রাজনীতি নীতি, কর্মসূচি ও জনসমর্থনের প্রতিযোগিতা না হয়ে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লড়াইয়ে পরিণত হয়।
বাংলাদেশে এই প্রবণতার পেছনে রয়েছে দীর্ঘদিনের লুটেরা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং প্রতিদ্বন্দ্বীকে শত্রুতে পর্যবসিত করার সংস্কৃতি। ক্ষমতায় থেকে হত্যা, গুম ও বেপরোয়া লুটপাট করায় ক্ষমতা হারানো এখানে শুধু সরকার বদল নয়; বরং নিজের অস্তিত্ব, লুণ্ঠনের মাধ্যমে অর্জিত সম্পদ রক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা জোর করে ক্ষমতায় থাকার প্রবণতা যেমন বাড়ায়, তেমনি ক্ষমতার পরিবর্তনের পর প্রতিশোধ নেওয়ার চক্র তৈরি করে।
রাষ্ট্র যখন বিরোধী রাজনৈতিক শক্তি ও জনগণের ওপর চরম দমন-পীড়ন, নির্বিচার গ্রেপ্তার ও হত্যাকাণ্ড চালায়, তখন তার বিরুদ্ধে প্রতিরোধের অধিকার জনগণের একটি মৌলিক রাজনৈতিক ও নৈতিক অধিকার। নির্যাতন করে কোনো রাজনৈতিক অস্তিত্বকে নিশ্চিহ্ন করার চেষ্টা হলো ভুল রাজনীতি। মুসলিম লীগকে নিষিদ্ধ করতে হয়নি; জনগণ চায়নি বলে দলটি এমনিতেই শুকিয়ে মরে গেছে। অপরাধের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু যারা ফৌজদারি অপরাধ করেনি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রাজনৈতিক অধিকার হরণ হলো প্রতিশোধ। প্রতিশোধের রাজনীতি বন্ধ করার অর্থ অতীতের অপরাধ ভুলে যাওয়া বা অপরাধীদের দায়মুক্তি দেওয়া নয়। দল নিষিদ্ধ করা আইনসংগত হলেও ন্যায়সংগত নয়। পার্লামেন্টে কোনো আইন পাস হলেই তা আইনসংগত, কিন্তু সে আইন ন্যায়সংগত নাও হতে পারে। এটাও সত্য, প্রতিরোধের অধিকার ও সহিংসতার অধিকার এক জিনিস নয়। অত্যাচারী ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ ন্যায়সংগত হলেও তা প্রতিরোধকারীকে অত্যাচারীর মতো একই আচরণ করার অধিকার দেয় না। এক পক্ষ আগুন দিয়েছে বলে আরেক পক্ষের আগুন দেওয়ার অধিকার তৈরি হয় না। প্রতিরোধকারী যে কোনো অপরাধ করার অধিকার পান না। আবার মুক্তিকামীর প্রতিরোধ এবং প্রতিশোধের সহিংসতাও এক নয়। যে রাষ্ট্র জনগণের ওপর অন্যায় করে, তার বিরুদ্ধে জনগণের প্রতিরোধের অধিকার রয়েছে। এ অধিকার টিকিয়ে রাখার স্বার্থেই ওই প্রতিরোধকারীদের নৈতিক দায়িত্ব হলো একই অন্যায়কে পুনরুৎপাদন না করা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অগ্নিসংযোগ ও প্রতিশোধমূলক সহিংসতার বহু নজির রয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ২০১২ সালে রামুতে বৌদ্ধবিহার ও বসতবাড়িতে পরিকল্পিত আক্রমণ এবং ২০১৩-১৫ সালের রাজনৈতিক আন্দোলনে পেট্রোল বোমা ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। অথচ গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে দলগুলো ক্ষমতা অর্জনে পরস্পরের প্রতিযোগী হয়, শত্রু নয়। গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতা ভিন্নমত ও অপরাপর রাজনৈতিক দলের অস্তিত্বের অধিকার স্বীকার করে; প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে পরাজিত করে, কিন্তু শারীরিকভাবে নিশ্চিহ্ন করে না।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ওই সহিংস রাজনৈতিক ধারার অবসান ঘটাতে পারত। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তার সুষ্ঠু বিচার বহুল প্রত্যাশিত আইনের শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে পারত। কিন্তু ড. ইউনূস সবকারের সময়ে সংঘটিত বেপরোয়া মব সন্ত্রাস, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ ইত্যাদি সেই প্রত্যাশার কফিনে পেরেক ঠুকে দিয়েছে। চলমান অগ্নিসন্ত্রাসের ক্ষেত্রে তা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বললে ভুল হয় না। প্রতিশোধ ও সহিংসতার রাজনীতির সবচেয়ে বড় জ্বালানি হলো অপরাধের দায়মুক্তি। মারবেন, কাটবেন, আগুন দেবেন– কিন্তু কোনো বিচার হবে না; আপনি আইনের ঊর্ধ্বে। অপরাধ করে পার পাওয়ার এই রাজনৈতিক অপসংস্কৃতি অপরাধকে উৎসাহিত করছে, অন্যদিকে কথা বলতে চাওয়া মানুষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। সহিংসতার লক্ষ্য শুধু আক্রান্ত ব্যক্তি বা দলকে দমিয়ে রাখা নয়; বরং বৃহত্তর সমাজ, রাজনীতি ও ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখা।
গণতন্ত্রের প্রকৃত শক্তি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ক্ষমতায় নয়, বরং ভিন্নমত ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে ধারণ করার সামর্থ্যে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক সমস্যাকে কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে সংকট আরও বাড়বে বৈ কমবে না। হানাহানির রাজনীতি অব্যাহত থাকলে বিজয়ী পক্ষ কেবল পরাজিত পক্ষের জায়গা নেবে আর নিপীড়নের পুরোনো কাঠামো নতুন শাসকের হাতে পুনরুৎপাদিত হবে।
ড. আখতার সোবহান মাসরুর: লেখক ও গবেষক






