নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে পারবেন না জেরাল্ড কোয়েৎজি ও কোয়েনা মাফাকা। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের দলেই ছিলেন কোয়েৎজি। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সময় পেশির চোটে পড়েছেন। অন্যদিকে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন মাফাকা। তবে অনুশীলনের সময় চোট থেকে ফেরার পথে আবারও ধাক্কা খেয়েছেন তরুণ এই পেসার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে টি-টোয়েন্টি দল এবং ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।
কোয়েৎজি ও মাফাকার অনুপস্থিতিতে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তিয়ান ভ্যান ভুরেন। আর টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ইথান বশ ও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জেজে বাসনকে।






