আল–জাজিরা

আল-জাজিরার এক্সপ্লেইনার


মহাকাশ প্রযুক্তি, মহাকাশ পরিবহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা চলতি সপ্তাহে অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ডেটা সেন্টার নিয়ে বিতর্কের মধ্যে এআই বিপ্লবকে এগিয়ে নিতে প্রয়োজনীয় বিকল্প জায়গার খোঁজে শুরু হয়েছে এই তোড়জোড়।


গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ‘স্টারমাইন্ড’ নামের এ পরিকল্পনার অনুমোদন দেয়। সংস্থাটি জানিয়েছে, দেশের ইতিহাসে এটিই এ ধরনের প্রথম কোনো ঘটনা।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কারের পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপার ইন্টেলিজেন্স (উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা) বিকাশের এ গুরুত্বপূর্ণ সময়ে এফসিসি স্পেসএক্সকে কক্ষপথে ১০ লাখ কম্পিউট মডিউল মোতায়েনের অনুমোদন দিচ্ছে। এগুলো পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াজাত করবে।’


ব্রেন্ডন কার আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, যাতে এই যুগান্তকারী প্রযুক্তি সুযোগ তৈরি ও বিনিয়োগ বৃদ্ধি করে এবং মার্কিন জনগণের জন্য সুফল বয়ে আনে।’


এআই কম্পিউটিংয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ডেটা সেন্টার। এ সফটওয়্যারের (এআই) চাহিদা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে মাস্কের পরিকল্পনাটি একটি বিকল্প উপায় দিয়েছে। আর সেটা হলো, এগুলোর (এআই ডেটা সেন্টার) শক্তির উৎস হিসেবে সূর্যকে ব্যবহার করা।


স্পেসএক্সের ভাষ্য, পৃথিবীতে বিদ্যুতের উৎস খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক শক্তির উৎসের পরিসর বাড়ানোর এটিই সবচেয়ে দ্রুততম উপায়।


নিজেদের ওয়েবসাইটে স্পেসএক্স এ পরিকল্পনাকে ‘কম খরচের এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন’ বলে উল্লেখ করেছে।


মহাকাশে মাস্কের কোম্পানির স্যাটেলাইট আগে থেকেই রয়েছে। স্টারমাইন্ড শুধু সেই স্যাটেলাইটের বহরে নতুন করে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের অবস্থান শনাক্তকারী স্যাটফ্লিট লাইভের তথ্য, বর্তমানে কক্ষপথে প্রায় ১৬ হাজার ৯২৮টি সক্রিয় স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৯০টিই (৬৬ শতাংশ) স্পেসএক্সের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের স্যাটেলাইট।


এফসিসির লাইসেন্সের শর্ত অনুযায়ী, স্পেসএক্সকে অবশ্যই ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট ডেটা সেন্টার মোতায়েনের কাজ শুরু করতে হবে। এরপর ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ সংখ্যার ১০ শতাংশ অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট পাঠাতে হবে। এ ছাড়া ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে পুরো স্যাটেলাইট বহর মহাকাশে স্থাপন করতে হবে।


এআইয়ের পরিসর দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাও বাড়ছে।


কিন্তু ডেটা সেন্টারের জন্য বিশাল জায়গার দরকার হয় এবং এগুলো প্রচুর পানি ও বিদ্যুৎ খরচ করে। একই সঙ্গে এগুলো থেকে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানিজনিত কার্বন নিঃসরণ ঘটে।


ডেটা সেন্টারগুলো প্রচণ্ড তাপ তৈরি করে এবং প্রযুক্তি চালু রাখতে শীতলীকরণ ব্যবস্থায় বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়। এর ফলে পানি সরবরাহে ও খরায় ভোগা জনগোষ্ঠীর ওপর চাপ তৈরি হয়; বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে যখন বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে।


যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালে প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, ‘বড় ডেটা সেন্টারগুলোয় দিনে ৫০ লাখ গ্যালন পর্যন্ত পানি খরচ হতে পারে। এ পরিমাণ পানি ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের একটি শহরে দৈনিক ব্যবহৃত পানির সমান।’


এসব উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কেনিয়া ও ভারতে ডেটা সেন্টারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।


জরিপের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অনেক ভোটারের কাছে ডেটা সেন্টারের বিরুদ্ধে এই ব্যাপক বিরোধিতা একটি প্রধান বিষয় ছিল।


গত জুলাইয়ে এআই অবকাঠামোর দ্রুত সম্প্রসারণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে কর্মসূচির অংশ হিসেবে ৪২টি অঙ্গরাজ্যে ডেটা সেন্টারবিরোধী বিক্ষোভকারীরা ১৪২টি প্রতিবাদ সমাবেশ করেন।


স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টারের ক্ষেত্রে জমির এমন কোনো সীমাবদ্ধতা নেই। আর তাত্ত্বিকভাবে এগুলো শক্তির উৎস হিসেবে সৌরশক্তি ব্যবহার করতে পারে; যেমনটি স্পেসএক্স তাদের পরিকল্পনায় জানিয়েছে।


তবে মহাকাশে ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখা একটি বড় চ্যালেঞ্জ। কারণ, পৃথিবীর মতো সেখানে কোনো বাতাস বা পানি নেই, তাই নির্গত তাপ পরিবহন বা পরিচলন পদ্ধতিতে বেরিয়ে যেতে পারে না।


জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীরা মাস্কের এ পরিকল্পনার সমালোচনা করেছেন। তাঁদের মতে, এর ফলে আকাশে দূষণ আরও বাড়বে, যা রাতের আকাশ দেখা আরও কঠিন করে তুলবে।


গত বুধবার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) এক বিবৃতিতে জানায়, এফসিসির এ পরিকল্পনা অনুমোদনের ঘটনায় তারা ‘হতাশ ও মর্মাহত’।


বিবৃতিতে আরও বলা হয়, এফসিসির কাছে আগে জমা দেওয়া নথিতে এএএস বলেছিল, প্রস্তাবিত এ স্যাটেলাইট বহর প্রথমত, জ্যোতির্বিজ্ঞান গবেষণার অবকাঠামোতে কয়েক দশকের সরকারি বিনিয়োগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং দ্বিতীয়ত, জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের রাতের আকাশ উপভোগ এবং তা নিয়ে গবেষণার সক্ষমতাও ব্যাহত করবে।


এমন মৌলিকভাবে বদলে যাওয়া রাতের আকাশের নিচে সরকারি অর্থায়নে পরিচালিত জ্যোতির্বিজ্ঞান গবেষণার ভবিষ্যৎ নিয়ে এএএস গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞান গবেষণার অবকাঠামোতে করদাতাদের অর্থের অপচয় নিয়েও তারা চিন্তিত বলে বিবৃতিতে জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, স্পেসএক্স ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় বজায় রাখবে। তবে এ ক্ষেত্রে স্পেসএক্সকে দেওয়া লাইসেন্সে আনুষ্ঠানিক সমন্বয়ের কোনো বাধ্যবাধকতা না থাকায় আমরা উদ্বিগ্ন।’