নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা, এসব আগ্রাসন বন্ধ হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি এ বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই, প্রেসিডেন্ট পুতিন ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করবেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, (যুদ্ধ শেষ হওয়ার) জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে—এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত।’
ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন। তবে তাঁর বক্তব্যে ‘ইউরোপের বিভিন্ন ভূখণ্ড’ কথাটির মাধ্যমে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাগুলোর দিকেও ইঙ্গিত করা হয়েছে।
অবশ্য পুতিনকে ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে ইউরোপের অন্যান্য দেশও মাঝেমধ্যে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ তুলেছে।
গতকাল দিনের শেষ ভাগে ট্রাম্প আবারও বলেন, তাঁর বিশ্বাস পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান। তবে কূটনীতিকে প্রায়ই ব্যক্তিগত সম্পর্কের নিরিখে দেখা ট্রাম্প জানান, রুশ নেতা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার চরম বৈরিতা এ আলোচনাকে কঠিন করে তুলেছে।
ছুটি কাটাতে ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে অবস্থান করছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সমাধানের পথে সবচেয়ে বড় বাধা, এ দুই নেতা একে অপরকে প্রচণ্ড ঘৃণা করেন।’
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা জানেন না বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার ওপর নির্ভর করলে, আমি তাঁকে সম্মেলনে পেতে চাইতাম।’
এদিকে ক্রেমলিন গতকাল জানিয়েছে, শীর্ষ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চলতি সপ্তাহেই ন্যাটো সদস্যদেশ পোল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এস্তোনিয়া সম্প্রতি একটি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছে।
গত সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তা ইস্যুর সমাধানে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার অংশ ছিল ওই সম্মেলন। সেখানে তিনি পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।






