নিজস্ব প্রতিবেদক
বছরের অন্যতম বড় একটি ছুটির দিন উদ্যাপনে মার্কিন পরিবারগুলো যখন একত্র হয়েছিল, তখন উদারপন্থী, অভিবাসী ও একটি ফেডারেল সংস্থাকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে এ আক্রমণ করেন তিনি।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প সেসব মানুষকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে তিনি প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন।
৪৬১ শব্দের ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’
রিপাবলিকান এই প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ পরিবারকেন্দ্রিক ছুটির দিনটি কাটাচ্ছিলেন, তখন এ বার্তা দেওয়া হয়। গতকাল দিনের শেষ ভাগে মার-আ-লাগো এস্টেট থেকে মার্কিন সেনাসদস্যদের ফোন করার কথা ছিল তাঁর।
এদিকে ছুটির দিনের ওই শুভেচ্ছা বার্তায় ট্রাম্প নিজের সরকারের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য জালিয়াতি করার অভিযোগ এনেছেন।
নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন।
ট্রাম্প তাঁর এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি, যেগুলোর কয়েকটি ছিল তাঁর দীর্ঘদিনের পুরোনো কথাবার্তার পুনরাবৃত্তি।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর হোয়াইট হাউস সংস্কার প্রকল্পগুলোর পক্ষেও কথা বলেছেন। তিনি বলেন, সাংবাদিক ও নাগরিকেরা সেগুলো ভুলভাবে বুঝেছেন।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে এবং আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে।






