খুলনা ব্যুরো
নিরাপত্তার কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দু’টির চলাচল সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।
তবে, আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে ট্রেন দু’টির নির্ধারিত রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো: আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দু’টির চলাচল স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, খুলনার সাথে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দুই পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে।





