নিজস্ব প্রতিবেদক
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় শুভেচ্ছা জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির চুক্তি তিন বছরের নবায়নযোগ্য। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।
রাশেদুল হক জানান, এ কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে নিয়োগকর্তা।
তিনি বলেন, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের মোট সাশ্রয় হচ্ছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।





