নিজস্ব প্রতিবেদক

বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পেছনে পাঁচটি প্রধান কারণ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এগুলো হলো—মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়স, সন্তান জন্মদানের উচ্চ হার, মৃত্যুহার ও গড় আয়ুর পরিবর্তন, ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং অভিবাসন। এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।


গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে, যেখানে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। ২০৭০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার ৩৫.৮ শতাংশ হবে মুসলিম এবং খ্রিষ্টানদের অনুপাত দাঁড়াতে পারে ২৯.১ শতাংশে।


জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মুসলিমদের কম বয়স ও উচ্চ জন্মহারকে দায়ী করা হয়েছে। ২০২০ সালের তথ্য অনুযায়ী, মুসলিমদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের নিচে। এছাড়া ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩.১, যা খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে ২.৫। পাশাপাশি, মুসলিমদের গড় আয়ু ৬৮ বছর থেকে বেড়ে ৭৭ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলছে।


ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা পরিবর্তনে অভিবাসন বড় ভূমিকা রাখছে। পিউ রিসার্চ সেন্টারের মতে, অভিবাসন অব্যাহত থাকলে ২০৭০ সালে ইউরোপের মোট জনসংখ্যার ১৩ শতাংশ হবে মুসলিম। এছাড়া উত্তর আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সাহারা-নিম্ন আফ্রিকাতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।


তবে এই পূর্বাভাসকে অনিবার্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শ্যাটজ। তিনি বলেন, এই গবেষণার ফলাফল মূলত জনসংখ্যাগত পরিবর্তনের চিত্র। সন্তান জন্মদানের হার, অভিবাসন, অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্রীয় নীতি এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতের চিত্র বদলে দিতে পারে। এছাড়া যুদ্ধ, বাস্তুচ্যুতি কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো ভূরাজনৈতিক ঘটনাও জনসংখ্যার এই ধারায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে পিউ রিসার্চ সেন্টার উল্লেখ করেছে।