নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ মো. শাওন ওরফে সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শাওন ওরফে সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মো. শাহ আলমের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে র্যাবের মগবাজার সিপিসি-২, এসআরবি-৩-এর একটি দল অভিযান চালায়। এ সময় মো. ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মো. শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার মো. শাওন ওরফে সাব্বিরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠিয়েছে পুলিশ।






