নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির স্কুলজীবনের একটি নম্বরপত্র ভাইরাল হয়েছে। নম্বরপত্রের সেই ছবি কীভাবে ফাঁস হলো তা জানা যায়নি, তবে এ নিয়ে আলোচনা থেমে নেই। কারণ নম্বরপত্রটি বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির এবং এর সঙ্গে তাঁর স্কুলজীবনের পড়াশোনার স্মৃতি জড়িত। ১৩ বছর বয়সে মেসি আর্জেন্টিনার রোজারিওতে ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াকালীন তাঁর এই নম্বরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। তবে এটি কোন পরীক্ষার নম্বরপত্র, তা স্পষ্ট জানা যায়নি।
সে সময় মেসি তাঁর শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন এবং ফুটবল নিয়েই বেশি সময় কাটাতেন। তবে পড়াশোনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা কেমন ছিল, তার একটি ধারণা পাওয়া যায় সপ্তম শ্রেণির ওই নম্বরপত্র থেকে। শারীরিক শিক্ষায় তিনি দশে দশ অর্থাৎ ‘পারফেক্ট টেন’ পেয়েছিলেন। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, এবং গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ নম্বর করে। এ ছাড়া ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বিষয়ে, যা পৌরনীতি নামেও পরিচিত, তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৭।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, নম্বরপত্রে মেসির পারফরম্যান্সের সাধারণ চিত্র উঠে এলেও তাঁর শিক্ষকেরা উল্লেখ করেছিলেন যে খেলাধুলাসংশ্লিষ্ট সব বিষয়ে তিনি বিশেষ প্রতিভাবান ছিলেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেন এবং জানান যে তিনি ক্লাসের কার্যক্রমে খুব একটা অংশ নিতেন না। সোসা বলেন, সে খুব শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। তবে ফুটবল খেলতে খেলার মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগ তুলে ধরে জানান, সে খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল এবং সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন। মেসি নিজেও এর আগে স্বীকার করেছেন যে পড়াশোনা কখনোই তাঁর সবচেয়ে শক্তির জায়গা ছিল না এবং তিনি কখনোই ভালো ছাত্র ছিলেন না। এমনকি বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই তিনি দেরিতে যেতেন বলে জানিয়েছিলেন।
বার্সেলোনাতেও চলে যাওয়ার পর তাঁর ছাত্রজীবনে বড় কোনো বদল আসেনি জানিয়ে মেসি বলেন, ক্লাসে তাঁরা খুব মজা করলেও পড়াশোনার প্রতি আগ্রহ অগ্রাধিকারের তালিকায় ছিল না। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন, যিনি দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং ইউরোপীয় ক্লাব ফুটবলেও দারুণ সফল হয়েছেন। ক্যারিয়ারের গোধূলিলগ্নে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। এত বড় মাপের তারকা হয়েও তিনি শৈশবের স্কুলের কথা ভুলে যাননি। তারকা হয়ে ওঠার পর মেসি একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন এবং অনুদান দিয়েছেন, যার মাধ্যমে স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে এবং খেলার মাঠের বেঞ্চগুলোও সারানো সম্ভব হয়েছে। রোজারিওর লাস হেরাস এলাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত একটি স্থান, যা পুরোনো এসব তথ্যের সুবাদে আবারও আলোচনায় এসেছে।






