মনজুর আহমদ

অভিমত: মনজুর আহমদ


দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয়। এসব কলেজ থেকেই দেশের কর্মবাজারে মধ্যম ও উচ্চমধ্যম পর্যায়ের কর্মী সরবরাহ হওয়ার কথা। অথচ এই স্তরের শিক্ষার মান ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ রয়েছে।


বিভিন্ন গবেষণা ও পর্যালোচনায় দেখা গেছে, এসব কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি। অনেকে ডিগ্রি অর্জন করেও সেই অনুযায়ী কাজ পাচ্ছেন না। একসময় যেসব কাজে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট ছিল, সেসব কাজেও এখন তাঁদের যোগ দিতে হচ্ছে। অর্থাৎ এসব কলেজের শিক্ষার সনদ ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। ফলে এখান থেকে অনেক শিক্ষিত বেকার তৈরি হচ্ছে।


এ সমস্যা দূর করতে সরকার যে বিষয়টি স্বীকার করছে এবং নতুন উদ্যোগ নেওয়ার কথা বলছে, সেটা ভালো এবং তা জরুরি। তবে শুধু পরিকল্পনা নিলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। অনেক সময় পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নের পর্যায়ে গিয়ে তা বাধাগ্রস্ত হয়। এর পেছনে যথাযথ পরিকল্পনার অভাব, ব্যবস্থাপনাগত দুর্বলতা, বাস্তবায়ন ও তদারকির ঘাটতি এবং জবাবদিহির অভাব কাজ করে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাই বড় ধরনের সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কানাডার কমিউনিটি কলেজের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। তবে শ্রমবাজারে কী ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, পাশাপাশি স্থানীয় বাস্তবতা কী—সেগুলো বিবেচনায় নিয়েই শিক্ষাক্রম ও শিক্ষা কার্যক্রম সাজাতে হবে। এ জন্য শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত করার পাশাপাশি ব্যবস্থাপনা উন্নত করতে হবে এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।


অনেক সময়ই নানা পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বাস্তবায়নে গিয়ে সেগুলো ব্যর্থ হয়। তাই পরিকল্পনা প্রণয়নের সময়ই কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পরিকল্পনা ও বাস্তবায়ন—দুই ক্ষেত্রেই বিশেষ নজর দেওয়া দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গতানুগতিক ধারায় চলার আর সুযোগ নেই; বড় ধরনের পরিবর্তন আনতে হবে।


মনজুর আহমদ: ইমেরিটাস অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়