নিজস্ব প্রতিবেদক
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন পাবনার ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তার গবেষণার মূল লক্ষ্য হলো ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনের মাধ্যমে মহাকাশ অনুসন্ধানকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলা।
পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামে জন্ম নেওয়া মাহমুদার বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল শৈশব থেকেই। প্রকৌশলী বাবা গোলাম জাকারিয়ার কর্মক্ষেত্রের সান্নিধ্য এবং নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে কর্মরত এক নিকটাত্মীয়ের কাছ থেকে পাওয়া মহাকাশ গবেষণার গল্প তাকে এই পেশায় আসতে অনুপ্রাণিত করে। মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং অসাধারণ একাডেমিক সাফল্যের জন্য 'সুমা কাম লাউড' সম্মাননা লাভ করেন।
পরবর্তীতে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন এবং কোয়ান্টাম মেকানিকস নিয়ে বিশেষায়িত গবেষণা করেন। কর্মজীবনের শুরুতে প্রকৌশল পেশায় নারীর স্বল্প উপস্থিতি তাকে চ্যালেঞ্জের মুখে ফেললেও নিজের মেধা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি আজ নাসার গবেষণাগারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ড. মাহমুদা সুলতানার এই অর্জন বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুণীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।






