নিজস্ব প্রতিবেদক

পোস্টে তিনি আরও লেখেন, ‘ছোট ভাইগুলোকে দূর থেকে হুমকি দিচ্ছেন দেন। তবে বেশি কাছে আসার চেষ্টা করিয়েন না, পরে আর বাড়ি ফিরতে পারবেন কি না সন্দেহ আছে।’


এরপর অনুসারীদের নিজের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ‘আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিবে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেবো।’


রায়হানের এই পোস্ট এমন সময়ে এসেছে, যখন এর মাত্র দুই দিন আগে, ১৫ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।


পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন ও ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তারের পর তাঁদের অপরাধী নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রায়হানের হাতে আসে বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেলে তাঁর অনুসারীদের দিয়ে গুলিবর্ষণ ও হামলা চালানোর অভিযোগও রয়েছে। একাধিক অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করা যায়নি।


গত ১৪ সেপ্টেম্বর র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, রায়হান রাউজানের দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গড়েছেন। অবস্থান শনাক্তকরণ এড়াতে বিদেশি প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই এলাকায় ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অভিযান পরিচালনায়ও সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।


এদিকে ১৫ নভেম্বরের গুলির ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও একটি রাইফেলের কার্তুজের খোসা উদ্ধার করেছে। বায়েজিদ থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় একটি ফোন নম্বর এবং অডিও রেকর্ড পাওয়া গেছে। সেগুলোর সূত্র ধরে তদন্ত চলছে।


রায়হানের নতুন পোস্টের বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, রায়হানের ওপর পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।