নিজস্ব প্রতিবেদক
উপজেলা প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বটতলী নামক স্থানে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনি কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটাররা। উদ্বোধন অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দেখা যায়।
স্থানীয় সূত্র ও সরবরাহ করা বিভিন্ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কমিটির তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে রয়েছেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। এ ছাড়া কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সূত্র।
স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করে জানান, বিগত সময়ে তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, পদপদবি ভোগ করেছেন, এখন তাঁদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। বিষয়টি দুঃখজনক এবং তিনি এর তীব্র নিন্দা জানান। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনা না করে এভাবে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত করার ঘটনায় দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।
নির্বাচনি কার্যক্রমে কারা সম্পৃক্ত হচ্ছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতৃত্বের অবস্থান কী—এসব প্রশ্নের জবাব চান স্থানীয় নেতাকর্মীরা ও ভোটাররা। বিষয়টি নিয়ে দলীয় সাংগঠনিক অবস্থানও স্পষ্ট করার দাবি উঠেছে। এ বিষয়ে বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁরা বক্তব্য দিতে রাজি হননি।





