নিজস্ব প্রতিবেদক
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে নিজকালিকাপুর সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়নের নিজকালিকাপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২১৫৯/৩-এস সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) এবং তাদের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রলয় মজুমদার (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার জানান, তিনি দীর্ঘদিন ধরে আইবিএস সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভিসার জন্য অপেক্ষা করেও সাড়া না পাওয়ায় স্থানীয় দালাল হাসানের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাসিবুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।





