এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কিডনি রোগ শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার।


শনিবার রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে জানেন না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী এক বছরের মধ্যে দেশের সব জেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে।


তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও শনাক্ত করা হবে। এ কাজে উপজেলা পর্যায়ে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবেন।


ড. এম এ মুহিত বলেন, সারাদেশে কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য দক্ষ জনবল তৈরি করা জরুরি। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।


তিনি আরও বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এই তিনটি রোগের প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ। বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।