ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি


​কুমিল্লার দেবিদ্বারে ভাতিজিকে (১১) ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. নুরুল ইসলাম (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির আপন চাচা।


​পুলিশ জানায়, শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


​গ্রেপ্তার নুরুল ইসলামের বাড়ি দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে। তিনি ময়নামতি ১৫ নম্বর গেট এলাকার ক্যান্টনমেন্ট হাজী মজিদিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন। এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে গত ৮ নভেম্বর তাকে ওই মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর দেবিদ্বার সদরের দেবিদ্বার-চান্দিনা সড়কে হিলফুলফুজুল স্কুলের পাশে একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় চাকরির চেষ্টা করছিলেন তিনি।


​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা ঢাকায় চাকরি করেন এবং মা গৃহিণী।


অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, তার দেবর নুরুল ইসলাম খাবার দেওয়ার কথা বলে, ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে গত এক বছর ধরে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাবারের কথা বলে একটি একতলা ভবনের ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি গত এক বছর ধরে তাকে নির্যাতনের বিষয়টি জানায়।


​এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ভিকটিম সার্ভিস সেন্টার) শারীরিক পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় এবং ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।


​দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি নেওয়া সম্পন্ন হয়েছে। অভিযুক্ত শিক্ষক এর আগেও শিশু বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন।’