কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে তালাবদ্ধ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দরজার ছিটকিনি ও স্টিলের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বালীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ
ঘটনায় ভুক্তভোগী সম্পা বেগম (২৯) সোমবার রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি করেন। স্বামী মারা যাওয়ার পর নিজের উপার্জনে জীবিকা নির্বাহ করছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির দরজা ও মূল ফটকে তালা লাগিয়ে কর্মস্থলে যান সম্পা। সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে চুরি করে। সন্ধ্যায় বাড়ি ফিরে ফটকের তালা খুললেও ভেতরে ঢুকতে পারেননি তিনি। দেখতে পান, ফটকটি ভেতর থেকে আটকানো। পরে প্রতিবেশীদের সহায়তায় একজন দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে ফটকের ছিটকিনি খুলে দেন। এরপর ঘরে ঢুকে দরজার ছিটকিনি ভাঙা এবং স্টিলের আলমারি ও কেবিনেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তাঁরা। আলমারির ড্রয়ারে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, দুটি স্বর্ণের লকেটসহ একটি চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের রিং খোয়া গেছে। এ ছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামালও চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরির পর পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে
খোঁজাখুঁজি করেও খোয়া যাওয়া মালামালের সন্ধান পাননি ভুক্তভোগী। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি তদন্তের জন্য থানার এসআই মো. রিয়াদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই মো. রিয়াদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






