নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। এটি দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী হিসেবে আয়োজিত হচ্ছে।
বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রদর্শনীটি ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬ জন, তবে বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্র অনুযায়ী এ সংখ্যা দেড় হাজারের বেশি। জাদুঘর কর্তৃপক্ষ এ পর্যন্ত গেজেটভুক্ত শহীদদের মধ্যে ৫৯০ জনের দুই হাজারের বেশি স্মারক নিদর্শন সংগ্রহ করেছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫৫০টি নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে এবং অবশিষ্ট শহীদদের স্মারক সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
এহসান মাহমুদ আরও জানান, জাদুঘরে স্থানসংকুলান না হওয়ায় সংগৃহীত অনেক নিদর্শন সংরক্ষিত অবস্থায় রাখতে হয়েছে। যেসব শহীদ পরিবার প্রিয়জনের নিদর্শন জাদুঘরে দান করেছেন, তাদের অনেকের স্মারক গ্যালারিতে স্থান না পাওয়ায় তারা মনোবেদনা বোধ করেছেন। সেই প্রেক্ষাপটে বড় পরিসরে এই দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মহাপরিচালক বলেন, জুলাই অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের অভ্যুত্থান ছিল না, এর সঙ্গে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাও নিবিড়ভাবে সম্পৃক্ত। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির চর্চাকেন্দ্র হিসেবে কাজ করবে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে জনসাধারণের স্মৃতিতে উজ্জ্বল করে তোলা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, নিবন্ধন ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আবু বকর সাঈম ও হাসান ইনাম উপস্থিত ছিলেন।





