রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :
মাদক বিক্রির প্রতিবাদ করায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি'র সদস্যরা। ঘটনার পর ১১ দিন আত্মগোপনে থাকা মুন্না খানকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মুন্না খান নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাবুল খানের ছেলে।
বৃহস্পতিার (১৯ নভেম্বর) বিকেলে গৌরনদীর সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, গত ৭ নভেম্বর মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনায় নুরুজ্জামান বেপারী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মুন্না খান ও তার অন্যান্য সহযোগিরা আত্মগোপন করেন। পরবর্তীতে এসআরবি সদস্যরা অভিযান চালিয়ে ঢাকা থেকে মুন্না খানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তাকে ঢাকার হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।
সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম আরও জানিয়েছেন, হাতিরঝিল থানা পুলিশ বুধবার (১৮ নভেম্বর) রাতে তার কাছে গ্রেপ্তারকৃত মুন্না খানকে হস্তান্তর করেন। পরে বৃহস্পতিব ভোরে মুন্না খানকে গৌরনদীতে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






