জুলাই সনদ বাস্তবায়ন করলে জাতীয় ঐক্য তৈরি হবে: জামায়াত আমির

গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তির নবায়ন, নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সরকারের উদ্দেশ্যে ২৩ দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরার অধিবেশন থেকে এসব প্রস্তাব করা হয়। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী বছরে দুবার এই ফোরামের অধিবেশন হয়।


অধিবেশনের উদ্বোধনীতে জামায়াত আমির শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন। জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে।’


বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করার ঘোষণাও দেন তিনি।


প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা বসব, তবে জনগণের দাবি নিয়ে, আমাদের দলের দাবি নিয়ে নয়।’


জামায়াত আমির বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে।’


গোপালগঞ্জে জনগণের নিরাপত্তায় সরকারি বাহিনীর তৎপরতা পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, ‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা।’


আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নারী, শিশু ও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। স্কুলের গেটে ও ভেতরে পর্যন্ত মাদক বিক্রি হয়।’


গার্মেন্টস শিল্প ধসিয়ে দিতে অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এই শিল্পও টিকবে না। প্রশ্ন জাগে, এই শিল্প ধ্বংসের পেছনে তাদেরও কোনো হাত আছে কি না?’


অধিবেশন থেকে প্রস্তাব গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংশোধন কমিটি বাতিলের প্রস্তাব করেছে মজলিসে শুরা। চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর ও জোরালো পদক্ষেপের প্রস্তাব করা হয়।


অধিবেশনে স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, হামের টিকাদান ও চিকিৎসা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। পাশাপাশি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ রোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।


প্রস্তাবে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার, চাঁদাবাজি-দখলবাজি-সন্ত্রাস বন্ধ, পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা দমন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশইন বন্ধ এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা, প্রবাসীদের সমস্যা সমাধান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ফিলিস্তিনসহ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের প্রস্তাব করা হয়েছে।


অধিবেশনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, এ টি এম আজহারুল ইসলাম এমপি, মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সব জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। মজলিসে শুরা ছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদের নারী-পুরুষ সব সদস্য ছিলেন।