তবে কি ‘বাংলা ফাইভ’ ব্যান্ড ভেঙে যাচ্ছে
‘বাংলা ফাইভ’-এর সদস্যরা
প্রায় ১০ বছরের পথচলা। বেশকিছু গান লুফে নিয়েছিলেন শ্রোতারা। তবুও পথচলা থেমে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভের। আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও গায়ক সিনা হাসান।
ব্যান্ডটির অন্যতম এ সদস্য বলেন, ‘কোভিডের পর আমরা ধীরে ধীরে আড়ালে চলে যাই। ২০২২ সালে অনেকটা লুকিয়ে লুকিয়েই প্রকাশ করি লুকিয়ে থাকার সময়। কোনো মিডিয়া অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এমনি ছেড়ে দিয়েছি। আমরা সচেতনভাবেই কোথাও ব্যান্ড ইন্টারভিউ দিইনি। ২০২১ সালের সহিংসতাবিরোধী কনসার্টের মাধ্যমে আবারও কোভিডের বাধা ভেঙে শো শুরু করি। ২০২৩ সাল পর্যন্ত টুকটাক পারফরম্যান্সের ধারাটাও বেশ ভালো ছিল। দেশে সবচেয়ে বেশি শো করেছি উত্তরবঙ্গে। ভারতের কৃষ্ণনগরে, যেখানে পলাশীর প্রান্তর অবস্থিত, কিংবা পাটুলি মেলার মাঠে একই মঞ্চে পারফর্ম করার সৌভাগ্য হয়েছে যেমন মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস (বাপী দা), এ ছাড়াও শিলাজিৎ দা-সহ আরও অনেক শিল্পীর সঙ্গে। ছোট হোক কিংবা বড়, মানুষের মাঝে গান গাওয়ার চেষ্টা করেছি সবসময়।’
ব্যান্ডের পথচলা থামানোর কারণ উল্লেখ করে সিনা লিখেছেন, ‘এতদিনের এই যাত্রায় যাদের পাশে পেয়েছি, সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাতে চাই। নাম নিলে শেষ হবে না। আমরা মনে করি, আমাদের যাত্রায় এবার ইতি টানার সময় হয়েছে। গত দুই বছরের পারফরম্যান্স এবং অডিয়েন্স এনগেজমেন্ট, কোনো কিছু নিয়েই আমরা নিজেরা সন্তুষ্ট নই। সুতরাং এই মর্মে জানাচ্ছি যে- আমরা বড়জোর আর ছয় মাস সক্রিয় থাকব। এরপর বাংলা ফাইভকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেব। এরপর ব্যক্তিগতভাবে আমাদের সদস্যদের মিউজিকের যাত্রা হয়তো ভিন্ন পথে এগোবে। নতুন করে, নতুন কিছু শুরু করব।’
সবশেষে সিনা জানান, আগামী ছয় মাসে বেছে বেছে সর্বোচ্চ ৫-৭টি শো করবেন তারা। শেষবারের মতো বাংলা ফাইভের গান শুনতে আগ্রহীদের যোগাযোগ করতে বলেছেন তিনি।





