স্পোর্টস রিপোর্টার
আগামী ১ ও ৫ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সিঙ্গাপুর সফর সামনে রেখে নতুন কোচ এরিক মেয়ারের অধীন প্রস্তুতি নিয়েছে মেয়েরা। হঠাৎ ক্যানসার ধরা পড়ায় নিজ দেশ ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন কোচ পিটার বাটলার। তার অনুপস্থিতিতে সিঙ্গারপুর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ফরাসি কোচ মেয়ারকে। তার অধীনে দুই সপ্তাহ ধরে অনুশীলন করে নারী দল। বাটলার যে কৌশল ও পরিকল্পনায় দলকে খেলাতেন, ঠিক সেই পথেই হাঁটছেন নতুন কোচ। দলে তেমন পরিবর্তন আনেননি মেয়ার। আজ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। তার মতে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মোটেও সহজ হবে না।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১০৬তম। আর সিঙ্গাপুর রয়েছে ১৪৭তম অবস্থানে। র্যাংকিংয়ে ৪১ ধাপ এগিয়ে থাকলেও সিঙ্গারপুরকে নিয়ে সতর্ক বাংলাদেশ। কোচ মেয়ার বললেন, ‘সিঙ্গাপুর অনেক শক্তিশালী দল। তাদের দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড প্রবাসী ফুটবলাররা আছেন। তাদের দলের কোচও নতুন। তাই তাদেরকে বিপক্ষে ম্যাচ সহজ হবে না। অবশ্য আমাদেরও ভালো মানের ফুটবল রয়েছে। আমরা দুই ম্যাচই জেতার চেষ্টা করব।’
অসুস্থ থাকায় পিটার বাটলারকে মিস করবেন ঋতুপর্না-আফঈদা-মারিয়ারা। সর্বশেষ গত এশিয়ান গেমসেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন বাটলার। নতুন কোচের অধীনে খেললেও সিঙ্গাপুরে গিয়ে সাফল্য দেখাতে চায় বাংলাদেশের মেয়েরা। নারী দলের অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন ভালো ম্যাচ উপহার দিতে পারি এবং একটা ভালো ফল করতে পারি, এজন্য দোয়া করবেন।’ তিনি আরো বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, ওরা (সিঙ্গাপুর) অনেক শক্তিশালী। তো ওই হিসেবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি, তাদের বিপক্ষে লড়াই করার জন্য। স্যার (বাটলার) আমাদের সাথে প্র্যাকটিসে যুক্ত ছিলেন। উনি তো অনেকদিন আমাদের প্র্যাকটিস করিয়েছিলেন। এখন উনি অসুস্থতার কারণে আমাদের দলের সাথে নাই। যেহেতু আমাদের সাথে ছিলেন, আমরা তো তাকে মিস করব।’ নারী দলকে ধারাবাহিক খেলার মধ্যে রাখতেই সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলানো হচ্ছে। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের বিমান ধরবে বাংলাদেশ দল।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি; ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন; মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী; ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।






