আমানুর রহমান
রঙ, রেখা ও ক্যানভাসের নিপুণ ছোঁয়ায় লেখকের ভাবনা, অনুভূতি ও গল্পের অন্তর্নিহিত সৌন্দর্যকে দৃশ্যকাব্যে রূপ দেন প্রচ্ছদশিল্পী আভা তাজনোভা খান ইরা। বইয়ের প্রচ্ছদ থেকে শাড়ির ক্যানভাস—প্রতিটি সৃষ্টিতেই মেলে তার স্বতন্ত্র শিল্পদৃষ্টি ও সৃজনশীলতার পরিচয়। প্রায় শতাধিক বইয়ের প্রচ্ছদ নির্মাণের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই শিল্পীর বর্ণিল শিল্পযাত্রা, সৃষ্টির নেপথ্যের গল্প ও আগামীর স্বপ্ন তুলে ধরেছেন আমানুর রহমান
আপনার শিল্পীসত্তা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার নেপথ্যে ভূমিকা কী?
ছবি আঁকার প্রতি গভীর ভালোবাসা থেকেই আমার শিল্পচর্চার শুরু। ছোটবেলা থেকেই রঙ ও ছবি আঁকার প্রতি আকর্ষণ ছিল। সেই আগ্রহকে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও চর্চায় সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি; আমার প্রধান বিষয় ছিল প্রিন্টমেকিং। এ বিষয়ে পড়াশোনা আমার শিল্পীসত্তা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে। প্রিন্টমেকিংয়ের মাধ্যমে বিভিন্ন কৌশল, টেক্সচার, স্তর ও রঙের বহুমাত্রিক ব্যবহার শিখেছি। একই ভাবনাকে নানা মাধ্যমে উপস্থাপনের সুযোগ সৃজনশীল চিন্তাকে বিস্তৃত করেছে। পাশাপাশি গভীরভাবে পর্যবেক্ষণ, অনুভূতি ও কল্পনার প্রকাশ এবং নতুন কিছু অনুসন্ধানে অনুপ্রাণিত করেছে।
ক্যানভাসের শিল্পী থেকে বইয়ের প্রচ্ছদশিল্পী হয়ে ওঠার পেছনের গল্প ও অনুপ্রেরণা কী?
আমার শিল্পচর্চার শুরু ক্যানভাসে ছবি আঁকার মধ্য দিয়ে। আমার আঁকা একটি চিত্রকর্ম দেখে জনপ্রিয় লেখক নাজনীন নাহার সেটি দিয়ে তার বইয়ের প্রচ্ছদ তৈরির আগ্রহ প্রকাশ করেন। তার আগ্রহেই প্রথমবার আমার চিত্রকর্ম বইয়ের প্রচ্ছদে ব্যবহার করা হয়। সেই সুযোগ আমার শিল্পীজীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। আমার স্বামী মো. সাদিতউজজামানও এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নিজেও প্রতিষ্ঠিত প্রচ্ছদশিল্পী। তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন এবং বুঝিয়েছেন—চারুকলার শিক্ষা ও ছবি আঁকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমিও প্রচ্ছদশিল্পে স্বতন্ত্র নান্দনিকতা যোগ করতে পারি। তার উৎসাহ নিয়মিত কাজের সাহস জুগিয়েছে। ধীরে ধীরে বুঝেছি, প্রচ্ছদ তৈরি স্বতন্ত্র শিল্পচর্চা। এখানে শুধু সুন্দর ছবি আঁকাই যথেষ্ট নয়; লেখকের ভাবনা, গল্পের আবহ, চরিত্র ও অনুভূতিকে রঙ, রেখা ও বিন্যাসে ফুটিয়ে তুলতে হয়। এভাবেই প্রচ্ছদশিল্প আমার পেশায় পরিণত হয়েছে।
লেখকের ভাবনা ও গল্পের আবহকে রঙ, রেখা ও নকশার মাধ্যমে প্রচ্ছদে কীভাবে তুলে ধরেন?
প্রচ্ছদ তৈরির আগে লেখার মূল ভাবনা, অন্তর্নিহিত অর্থ, চরিত্রের মনস্তত্ত্ব ও লেখকের দর্শন বোঝার চেষ্টা করি। লেখকরা নিজে গল্পের বিষয়বস্তু ও প্রত্যাশিত আবহ সম্পর্কে ধারণা দেন; কেউ কেউ রেফারেন্সও দেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা নির্দিষ্ট নকশা অনুসরণ না করে আমার সৃজনশীলতা ও শিল্পীসত্তার ওপর আস্থা রেখেছেন।
আমার কাছে বইয়ের প্রচ্ছদ শুধু গল্পের দৃশ্যমান উপস্থাপনা নয়; এটি লেখকের ভাবনার সঙ্গে পাঠকের প্রথম পরিচয়। তাই রঙ, বিন্যাস, প্রতীক, টেক্সচার ও কম্পোজিশনের মাধ্যমে গল্পের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করি। কখনো রঙে রহস্য, বিষণ্ণতা কিংবা রোমান্টিকতা প্রকাশ করি, আবার কখনো প্রতীকী চিত্র ও বিমূর্ত নকশায় লেখার গভীর অর্থ তুলে ধরি। এ পর্যন্ত প্রায় ১০০টি প্রচ্ছদকর্ম করেছি। অন্যপ্রকাশ, অনুপ্রকাশ, অন্যধারা, অন্বেষা, নবকথন ও গ্রন্থরাজ্যের মতো প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করেছি।
শাড়ির ক্যানভাসে আপনার শিল্পভাবনা ও সৃষ্টিশীলতার প্রকাশ কীভাবে ঘটেছে?
একটানা প্রচ্ছদের কাজ করতে গিয়ে একঘেয়েমি ও ক্লান্তি আসে। তখন ভিন্ন ক্যানভাসে কাজ করে নতুন উদ্যম পাই। শাড়ি আমার কাছে চমৎকার একটি ক্যানভাস, যেখানে রঙ ও নকশায় নিজস্ব ভাবনা ফুটিয়ে তোলা যায়। চারুকলায় পড়ার সময় বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা থেকেই শাড়িতে ছবি আঁকার আগ্রহ তৈরি হয়। আমার নকশায় হাতে আঁকা ছবির পাশাপাশি সেলাই, সূচিকর্ম ও অন্যান্য হাতের কাজের সমন্বয় থাকে। প্রচ্ছদের নির্দিষ্ট মাপের তুলনায় শাড়ি অনেক বিস্তৃত ক্যানভাস। এখানে নানা রঙ, মোটিফ ও কম্পোজিশন নিয়ে স্বাধীনভাবে কাজ করা যায়। বর্তমানে শাড়ির নকশা ও পেইন্টিং পেশাগতভাবেও করছি। এসব সৃজনশীল কাজ থেকে অর্জিত আয় একদিকে যেমন আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করছে, অন্যদিকে তেমনি শিল্পচর্চাকে আরো সমৃদ্ধ ও গতিশীল রাখার প্রেরণা জোগাচ্ছে।
পুরস্কার ও স্বীকৃতি শিল্পচর্চায় কীভাবে প্রেরণা জোগায় এবং ভবিষ্যতে নিজেকে কোন অবস্থানে দেখতে চান?
পুরস্কার ও স্বীকৃতি আমার কাছে শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এগুলো আরো দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। আমার সৃষ্টিকর্ম প্রশংসিত হলে আরো যত্ন ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ পাই। শিল্পচর্চা শুধু প্রতিভার প্রকাশ নয়; এটি নিরন্তর শেখা, সাধনা ও দায়বদ্ধতার বিষয়। ‘নবকথন সাহিত্য উৎসব ২০২৬’-এ প্রচ্ছদশিল্পী হিসেবে পাওয়া সম্মাননা স্মারক আমার জন্য বিশেষ অর্জন। এটি সামনে আরো ভালো কাজের দায়িত্ব বাড়িয়েছে। ভবিষ্যতে স্বতন্ত্র, সৃজনশীল ও পরিণত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। দেশীয় শিল্পাঙ্গনে পরিচয় গড়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরতে চাই। এমন কাজ করতে চাই, যা মানুষের মনে অনুভূতি জাগাবে এবং দীর্ঘদিন স্মরণীয় থাকবে।
প্রচ্ছদশিল্পকে যারা পেশা হিসেবে নিতে চান, তাদের প্রতি কী পরামর্শ?
আমার পরামর্শ, নারীরা যেন প্রচ্ছদশিল্পকে শুধু শখ নয়, সম্ভাবনাময় পেশা হিসেবেও বিবেচনা করেন। এই কাজে সৃজনশীলতা-চর্চার পাশাপাশি ভালো উপার্জনও সম্ভব। আন্তর্জাতিক বাজারে দক্ষ প্রচ্ছদশিল্পীদের কাজের সুযোগ ও চাহিদা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে বিদেশি লেখক ও প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ঘরে বসেই কাজ করা সম্ভব। তবে প্রয়োজন দক্ষতা, ধৈর্য, পেশাদার আচরণ ও মানসম্মত পোর্টফোলিও।
নিয়মিত অনুশীলন, বই পড়া ও নতুন কৌশল শেখার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করা সম্ভব। নারীদের বলব, ‘আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসুন। এই পেশা সৃজনশীল পরিচয়ের পাশাপাশি আর্থিক স্বাধীনতারও সম্ভাবনাময় পথ।’






