নিজস্ব প্রতিবেদক

লাল গ্রহ মঙ্গলের বুকে ছড়িয়ে রয়েছে নানা আকৃতি ও রঙের পাথর। হলুদ, আঁশযুক্ত কিংবা জেব্রা ও চিতার শরীরের মতো ডোরাকাটা ও ছোপ দাগযুক্ত পাথরের পাশাপাশি ২০২৪ সালে গ্রহটির এক প্রান্তে অত্যন্ত সুশৃঙ্খল সারিতে সাজানো পাথরের সন্ধান পাওয়া গেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ সুপরিকল্পিতভাবে বাগান সাজানোর জন্য পাথরগুলো সারিবদ্ধ করে রেখেছেন। মঙ্গল গ্রহে এমন রহস্যময় পাথরের অবস্থানের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো বিজ্ঞানীদের কাছে নেই।


মঙ্গলের বিষুবরেখার কাছে থার্সিস আগ্নেয় অঞ্চলের উচ্চভূমিতে অবস্থিত ডেইডালিয়া প্ল্যানাম এলাকায় এই রহস্যময় পাথরের সারিগুলো পাওয়া গেছে। ২০০২ সালে প্রাপ্ত কক্ষপথীয় ছবিতে এলাকাটিকে তুলনামূলক বৈশিষ্ট্যহীন মনে হলেও, ২০২৪ সালের আগস্ট মাসে নাসার মার্স রিকনেস্যান্স অরবিটারের হাইরাইজ ক্যামেরায় তোলা ছবিতে এর ভিন্ন রূপ ধরা পড়ে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই ভূখণ্ডটি জুম করলে সুন্দরভাবে বাঁকানো রেখার এক জটিল বিন্যাস দৃশ্যমান হয়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সাবেক গ্রহবিজ্ঞানী পল গেইসলার জানান, পাথরগুলো ৫ থেকে ১০ মিটার দূরত্বে দীর্ঘ বাঁকানো সারিতে সাজানো রয়েছে, যা অনেকটা আঙুলের ছাপের মতো নকশা তৈরি করে। মঙ্গল গ্রহের অন্য কোনো স্থানে এমন নকশা আগে দেখা যায়নি এবং এই ভূখণ্ডটি কীভাবে গঠিত হয়েছে, তা নিয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন।


বিজ্ঞানীদের মতে, প্রাকৃতিকভাবে পাথরের এমন বিন্যাস অসম্ভব নয়। মঙ্গলের ৫ হাজার ৪৫৫ মিটার উচ্চতায় অবস্থিত ডেইডালিয়া প্ল্যানামের উচ্চভূমিতে নিজস্ব জমাট বাঁধা ও গলার চক্র ঘটার সম্ভাবনা রয়েছে, যদিও এটি এখনো প্রমাণিত নয়। এছাড়া আরেকটি সম্ভাবনা হিসেবে 'ব্রাজিল নাট ইফেক্ট'-এর কথা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। মঙ্গলে ঘনঘন ভূমিকম্পের ফলে সৃষ্ট ঝাঁকুনিতে মাটির নিচে থাকা পাথরগুলো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এমন সারিবদ্ধ অবস্থানে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।