নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) বিভিন্ন বিভাগে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিউরোলজি, নিউরোসার্জারি, ফার্মাকোলজি, নিউরো-ফিজিওলজি, ইন্টারভেনশনাল নিউরোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এসব পদায়ন দেওয়া হয়েছে।


পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডা. মাহমুদুল ইসলাম, ডা. আব্দুল আলীম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. শামিম রশিদ, ডা. মোহা. বখতিয়ার আযম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ডা. মুহ. রফিকুল ইসলাম।


প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মাহমুদুল ইসলাম ও ডা. আব্দুল আলীমকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে অধ্যাপক (নিউরোলজি) পদে পদায়ন করা হয়েছে। ডা. মোহাম্মদ সাঈদ হাসানকে অধ্যাপক (নিউরোলজি) পদে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডা. শামিম রশিদকে অধ্যাপক (নিউরো-ফিজিওলজি) এবং ডা. মোহা. বখতিয়ার আযম ও ডা. মো. মাহবুবুল আলমকে অধ্যাপক (ইন্টারভেনশনাল নিউরোলজি) পদে পদায়ন করা হয়েছে।


নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. মোহাম্মদ আশরাফুল হক ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। এর মধ্যে ডা. ফরহাদ হোসেন চৌধুরীকে হাসপাতালে এবং অন্য দুজনকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডা. মুহ. রফিকুল ইসলামকে অধ্যাপক (ফার্মাকোলজি) পদে পদায়ন করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ডা. সাবিনা জেসমিনকে অধ্যাপক (ফার্মাকোলজি) এবং ডা. এ কে এম গোলাম কবীরকে অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) পদে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।