স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের জন্য নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আগামী নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। গতকাল শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়ে সরকার উদ্যোগ নেওয়া হবে। আমিনুল হক বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু সাফ গেমসে পদক জয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে হবে। নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’






