৯ বছরে দেশে অগ্নিকাণ্ডে ১১৬১ জনের মৃত্যু, আহত ৩৭৯২
ছবি: আয়োজকদের সৌজন্যে
দেশে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৯ বছরে ২ লাখ ৯ হাজার ৯৩৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ হাজার ৭৯২ জন। পরিকল্পনাহীন নগরায়ণ, অনুমোদনহীন নির্মাণ এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবে দেশে অগ্নিনিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’-এর সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী শনিবার শেষ হয়।
‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন: বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব।
প্রবন্ধে তিনি বলেন, জমির সংকট, ভূমির ক্রমবর্ধমান মূল্য এবং মিশ্র ব্যবহারের ভবন বাড়ায় ঢাকার আকাশরেখা দ্রুত বদলে যাচ্ছে। তবে নগরীর এই উল্লম্ব সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা অবকাঠামো ও জরুরি প্রস্তুতি গড়ে ওঠেনি। ফলে নিরাপদ ও টেকসই শহর গড়ার এসডিজি-১১-এর লক্ষ্যমাত্রা ঝুঁকির মুখে পড়েছে।
বেইলি রোড ও এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের উদাহরণ তুলে ধরে ইকবাল হাবিব বলেন, বেআইনিভাবে ভবনের ব্যবহার পরিবর্তন, নকশা ও প্রকৌশলগত ত্রুটি, উল্লম্ব শ্যাফট দিয়ে ধোঁয়া ছড়িয়ে পড়া এবং পর্যাপ্ত নির্গমন পথ না থাকায় ছোট আগুনও ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এগুলো পরিকল্পনা, নকশা ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার প্রকাশ। ভবনের নকশা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ পর্যন্ত পুরো জীবনচক্রে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল)।
এর আগে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলেই চলবে না; বরং আগেই কার্যকর সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানো প্রয়োজন।
ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বাড়বে।
তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে ‘ইসাব অগ্নিবীর অ্যাওয়ার্ড’ ও ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিনের উপস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল নিরাপত্তা নিয়ে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়।





