দেশের খামার, বিশ্বের বাজার

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ছবি: পিএমও


মো. মামুন হাসান


‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬-২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি খামারি, উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, সংগীতানুষ্ঠান, রেসিপি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি পদক প্রদান করা হচ্ছে। মেলায় ডিম, দুধ ও মাংস দিয়ে তৈরি পুষ্টিকর খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি থাকবে রফতানিযোগ্য প্রাণিজ পণ্যের পৃথক প্রদর্শনী। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে থাকবে বিশেষ প্রযুক্তি প্যাভিলিয়ন। এছাড়া ওষুধ ও ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান, পোলট্রি শিল্প, পোষা প্রাণী এবং বিভিন্ন জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে থাকবে আকর্ষণীয় আয়োজন।


এ মেলার অন্যতম উদ্দেশ্য খামারিদের আধুনিক ও লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা দেয়া। প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, উৎপাদন বৃদ্ধি এবং ডিম, দুধ ও মাংসের বহুমুখী ব্যবহার সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন তারা। অর্জিত জ্ঞান নিজ নিজ খামারে প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা ও আয় বাড়াতে পারবেন খামারিরা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান সম্প্রসারণ ও বেকারত্ব হ্রাসের বিষয়টিও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। এ সময়ে দেশে দুধ উৎপাদন হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ টন এবং ডিম প্রায় ২ হাজার ৫০৯ কোটি। এসব প্রাণিজ খাদ্য দেশের মানুষের দৈনন্দিন পুষ্টিচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মানুষের দৈনিক প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ চাহিদা অভ্যন্তরীণ প্রাণিসম্পদ খাত থেকে পূরণ হচ্ছে।


প্রাণিজ আমিষ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রমজানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহে প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করে। ঢাকা মহানগরীর ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ দেশের আট বিভাগের মোট ৪৪৫টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অধিদপ্তরের তথ্যমতে, এ উদ্যোগে ৯ দশমিক ২৮ লাখ ভোক্তা উপকৃত হয়েছেন এবং ৩১ দশমিক ২৬ কোটি টাকার প্রাণিজ পণ্য সুলভ মূল্যে বিক্রি হয়েছে।


প্রাণিসম্পদ উৎপাদনে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। ডিম উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্দশ। এছাড়া প্রাণী ও প্রাণিজাত মোট ১৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশে গবাদিপশু উৎপাদনে স্বনির্ভরতার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালে ঈদুল আজহায় ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে কোরবানির পশুর চাহিদা পূরণ দেশের প্রাণিসম্পদ খাতের সক্ষমতার পরিচায়ক।


এ খাতের আরেকটি বড় শক্তি পোলট্রি শিল্প। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৮ হাজার কোটি টাকা। বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে গড়ে উঠেছে দুই লক্ষাধিক খামার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পে কর্মরত প্রায় ৬০ লাখ মানুষ, যাদের ৪০ শতাংশ নারী। এসব খামারে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম। পুষ্টি সরবরাহের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


প্রাণিসম্পদ খাতের নতুন সম্ভাবনার জায়গা প্রাণিজাত পণ্য ও উপজাত রফতানি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর সময়ে ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রফতানির মাধ্যমে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা। রফতানির গন্তব্য দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও কোরিয়া। এছাড়া ২৮ জুন থেকে বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় ৯৩ হাজার ৯০০টি হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রফতানি করে আয় হয়েছে ২ কোটি ১৪ লাখ ২৯ হাজার টাকা। এটি বাংলাদেশের প্রাণিসম্পদ পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য অর্জন।


তবে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনের পাশাপাশি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রোগমুক্ত খামার, আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ কেন্দ্র, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, কোল্ড চেইন এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক সনদ অর্জন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফুড সেফটি ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান অনুসরণ করে রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে হবে। পাশাপাশি ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।


বাংলাদেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ চাহিদা পূরণ, পুষ্টিনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখন প্রয়োজন উৎপাদনের সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। নিরাপদ ও মানসম্মত পণ্য উৎপাদন, রোগ নিয়ন্ত্রণ, আধুনিক প্রক্রিয়াকরণ এবং রফতানি বাজার সম্প্রসারণের সমন্বিত উদ্যোগই পারে এ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ সে সম্ভাবনাকে সামনে তুলে ধরার পাশাপাশি একটি আধুনিক, টেকসই ও রফতানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রত্যয়কে আরো জোরালো করবে।


মো. মামুন হাসান : সিনিয়র তথ্য অফিসার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়