নিজস্ব প্রতিবেদক

কাচের ছোট্ট একটি বোতলের ভেতরে সংরক্ষিত সবুজ ক্ষুদ্র উদ্ভিদ দেখে গবেষণাগারের নমুনা মনে হলেও, কয়েক মাস পর এই টিস্যুই রূপ নেয় হাজার হাজার রোগমুক্ত চারায়। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে বর্তমানে দেশেই কলা, আনারস, স্ট্রবেরি, ড্রাগন ফল, অর্কিড, লিলিয়াম, জারবেরা, স্টেভিয়া ও পেঁপেসহ বিভিন্ন উচ্চমূল্যের উদ্ভিদের চারা উৎপাদিত হচ্ছে। এই প্রযুক্তি দেশের বাণিজ্যিক কৃষিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ বলেন, সারা বিশ্বেই বাণিজ্যিক কৃষিতে টিস্যু কালচার প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। আধুনিক কৃষির বিকাশ, রোগমুক্ত চারা তৈরি ও উৎপাদনশীলতা বাড়াতে এই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন, কারণ অল্প জায়গায় লাখ লাখ চারা উৎপাদনে এর বিকল্প নেই।


দেশে এখন জি-৯ জাতের কলা, এমডি-২ আনারসসহ বিভিন্ন বিদেশি জাতের চারা উৎপাদিত হচ্ছে, যা আগে ভারত ও থাইল্যান্ড থেকে আমদানি করতে হতো। মাদারীপুর হর্টিকালচার সেন্টার ২০২৫–২৬ অর্থবছরে দুই লাখ তিন হাজারের বেশি চারা বিক্রি করে ৫২ লাখ ৩৩ হাজার টাকা আয় করেছে। মাদারীপুর হর্টিকালচার সেন্টারের প্রধান আশুতোষ কুমার বিশ্বাস জানান, শুধু ফলের চারা নয়, ফুল ও শোভাবর্ধক গাছের চারার উৎপাদনও বাড়ানো হয়েছে এবং এখানকার লিলিয়াম চারা এখন পঞ্চগড় পর্যন্ত সরবরাহ করা হচ্ছে।


ল্যাবের কার্যক্রম সম্পর্কে কৃষিবিদ মো. এনামুল ইসলাম জানান, জীবাণুমুক্ত পরিবেশে মাতৃগাছ থেকে টিস্যু সংগ্রহ করে বিশেষ পুষ্টিমাধ্যমে কয়েক ধাপে কোষ বিভাজনের মাধ্যমে হাজার হাজার চারা তৈরি করা হয়। মাঠ পর্যায়েও এর সুফল মিলছে। মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষক আবদুল কাদের জানান, জি-৯ জাতের কলার প্রতিটি ছড়িতে ২৫০ থেকে ৩০০টি কলা ধরে, যা দেশি জাতের তুলনায় অনেক বেশি। এছাড়া বগুড়ার শাজাহানপুরের ‘গ্রিন ওয়ান’ প্রতিষ্ঠানের উদ্যোক্তা মো. রেজওয়ানুল ইসলাম জানান, আগে ভারত থেকে জারবেরা চারা আনতে ৬০ টাকা খরচ হলেও এখন দেশি চারা ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বর্তমানে মাদারীপুর, বগুড়া ও ময়মনসিংহে তিনটি আধুনিক ল্যাব চালু রয়েছে এবং আরও আটটি জেলায় ল্যাব নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির পরিচালক তালহা জুবাইর মাসরুর বলেন, মাতৃগাছের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে রোগমুক্ত চারা উৎপাদনই এই প্রযুক্তির বড় সুবিধা। তিনি আরও জানান, নতুন চারা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও নতুন জাত উদ্ভাবনের কার্যক্রম চলমান রয়েছে। সবগুলো ল্যাব পূর্ণ সক্ষমতায় চালু হলে বছরে প্রায় এক কোটি রোগমুক্ত চারা উৎপাদন সম্ভব হবে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট ৭৬টি হর্টিকালচার সেন্টার রয়েছে, যার মধ্যে চারা বিক্রিতে মাদারীপুর সেন্টার শীর্ষে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের সব হর্টিকালচার সেন্টার থেকে চারা বিক্রি করে সরকারের আয় হয়েছে ৭ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৭ কোটি টাকা।