নোয়াখালী অফিস
নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহ দেয়া এবং ক্রীড়ামোদীদের বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিনের রাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি ও টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।
এ সময় স্থানীয় জনসাধারণসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট উপলক্ষে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





