জেলা প্রতিনিধি, জামালপুর
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ, অগ্নিসংযোগ এবং একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার সরিষাবাড়ীতে বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। একই দিন জামালপুর শহরের বাইপাস সড়কেও ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ৯০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজারের এক পান ব্যবসায়ীর চৌকির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটির গায়ে ‘সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন’ লেখা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকার সামনেও একই ধরনের আরেকটি বস্তু দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘উদ্ধার করা বস্তু দুটি ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আতঙ্ক ছড়াতে কোনো মহল এসব করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে জামালপুর শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রা মিয়াবাড়ি রোডের একটি গলি থেকে মিছিলটি বের হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কম্পপুর মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘মিছিলকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।’





